প্রযুক্তির দ্রুত প্রসারে সৃষ্টি হয়েছে নতুন হুমকির উপাদান

১২ এপ্রিল, ২০২১ ১৪:৪৪  
করোনাভাইরাসের মত অদৃশ্য শত্রুর আবির্ভাব, প্রযুক্তির দ্রুত প্রসার এবং সময়ের অগ্রযাত্রার সাথে সাথে নতুন নতুন হুমকির উপাদান সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ এপ্রিল) বঙ্গভবন থেকে সেনাবাহিনীর ‘অনুশীলন শান্তির অগ্রসেনা ২০২১’-এর সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, “বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব শান্তি নিশ্চিত করা অতীতের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের মত অদৃশ্য শত্রুর আবির্ভাব, প্রযুক্তির দ্রুত প্রসার এবং সময়ের অগ্রযাত্রার সাথে সাথে নতুন নতুন হুমকির উপাদান সৃষ্টি হয়েছে।” জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনে আগামী দিনে নতুন সঙ্কট মোকাবিলায় শান্তিরক্ষীদের উপযুক্ত প্রশিক্ষণ ও সরঞ্জাম প্রস্তুত করা সময়ের দাবি বলেও এসময় অভিম ব্যক্ত করেন সরকার প্রধান। আর এই দাবি পূরণে সরকারের উদ্যোগী ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, “গত ১২ বছরে আমরা আমাদের তিন বাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হয়েছি। আমাদের সামরিক বাহিনীতে অত্যাধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তির সংযোজন করেছি। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিরসনে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি।” সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের আর্মি চিফ মনোজ মুকুন্দ নারবান। এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের হাইকমিশনার, ভুটান, শ্রীলঙ্কা ও নেপালের প্রতিনিধিরা। অনুশীলনে অংশগ্রহণকারী বাংলাদেশ, ভারত, ভুটান ও শ্রীলঙ্কার ১২৩ জন সেনা সদস্যদের মধ্যে প্রত্যক দেশের দুই জন করে সেনা সদস্যকে অনুষ্ঠানে সনদ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে সেনাপ্রধান সেই সনদ তুলে দেন।